ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এলে কোনো ধরনের জটিলতা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না বলে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা থাকতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই। এই বিষয়ে যেসব কথা হচ্ছে তা একেবারেই অবান্তর। বরং এনআইডি সেবা এখন যথাস্থানে আসছে।’


বুধবার (২৩ জুন) দুপুরে রাজধানীর পুরাতন কারাগার কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা জেনে-বুঝেই সবার মতামত নিয়ে এনআইডি সেবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দিয়েছি। বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে এ বিষয়ে। তিনি আরও বলেন, এনআইডি জাতীয় সেবা। এখানে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সেবার বিষয় আছে। ভোটার তালিকার বিষয়টি আলাদা।


এ নিয়ে নির্বাচন কমিশনের সাথে কোনো সমন্বয়হীনতা নেই বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সবাইকে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব নয়। প্রাণঘাতী এ রোগ নিয়ন্ত্রণে সবাইকে ভূমিকা পালন করতে হবে।


তিনি বলেন, এককথায় সরকারি নির্দেশনা জনগণকে মানা উচিত। পুলিশ কেন ফোর্স করবে নিয়ম মানতে। এরপরও পুলিশ চেকপোস্ট বসিয়ে কাজ করছে। গাড়ি নিয়ন্ত্রণ করছে।


টিকটক বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে টিকটক বন্ধের আলোচনা চলছে। এ বিষয়ে পরিবারের কর্তাব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ছেলেমেয়েরা কোথায় কী করছে তা দেখবেন না? টিকটক করছে, লাইকি করছে, ভিডিও করছে, মাদক গ্রহণ করছে, নষ্ট হয়ে যাচ্ছে; এগুলো অভিভাবকদেরও দেখতে হবে। না পারলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন।


এদিকে এনআইডি হস্তান্তরের জন্য কার্যবিধি সংযোজনসহ নানা প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

ads
ads
ads

Our Facebook Page

↑